ছবিতে - ডলির নির্বাচনী প্রচারে কানাডার প্রধানমন্ত্রি মার্ক কার্নি।
বাংলা ভিউ নিউজ ডেস্ক: আগামী ১৩ এপ্রিল স্কার্বো-সাউথওয়েস্ট আসনে উপ-নির্বাচনকে ঘিরে প্রচারণা তুঙ্গে। সাবেক এমপি বিল ব্লেয়ার এর পদত্যাগের পর শূন্য আসনে ডলি বেগম লিবারেল পার্টি থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডলি বেগমকে বিজয়ী করতে প্রধানমন্ত্রী মার্ক কার্নি ভোটারদের সমর্থন আহ্বান জানিয়েছেন। গত রোববার তিনি আকস্মিকভাবে একটি স্থানীয় রেস্টুরেন্টে এসে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এবং বলেন, “আপনারা ডলিকে অটোয়ার পার্লামেন্টে পাঠান। আমরা সবাই মিলে, এবং আপনাদের সমর্থনে, স্কার্বোরো ও কানাডাকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে কাজ করবো।” সোমবার দুপুরে অন্টারিওর সাবেক প্রিমিয়ার ক্যাথেলিন ওয়ন ডলির নির্বাচনী কার্যালয়ে যোগ দেন। সন্ধ্যায় ডলি বেগম বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে মিলিত হন। বক্তারা তার রাজনৈতিক দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, “ডলি বেগম টানা তিনবার প্রাদেশিক এমপিপি এবং ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এটি তার বিজয়ে সহায়ক হবে।” সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, লিবারেল পার্টির সমর্থন প্রায় ৫৭%, কনজারভেটিভ পার্টির ২২% এবং এনডিপির ১৫%। আগামী শুক্রবার (৩ এপ্রিল) থেকে চার দিনব্যাপী অগ্রিম ভোটগ্রহণ শুরু হবে। ছবিতে - ডলির নির্বাচনী প্রচারে কানাডার প্রধানমন্ত্রি মার্ক কার্নি।