প্রকাশ :: ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩১

ইরানের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হতে যাচ্ছে - ট্রাম্প


সংযুক্ত ছবি

বাংলা ভিউ অনলাইন ডেস্ক : ইরানের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর অভিযানে ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী উপস্থিতির প্রয়োজন নেই বলেও দাবি করেছেন তিনি। মঙ্গলবার (৩১ মার্চ) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও হরমুজ প্রণালি নিয়ে এসব কথা বলেন। ডোনাল্ড ট্রাম্পের মতে, মার্কিন অভিযানের মুখে ইরানের পাল্টা লড়াইয়ের সক্ষমতা প্রায় শেষ হয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা সেখানে আর খুব বেশিদিন থাকব না। তবে ইরানের অবশিষ্ট সামরিক শক্তি পুরোপুরি নির্মূল করতে আমাদের আরও কিছু কাজ সম্পন্ন করা বাকি আছে।’ ইরানের ওপর মার্কিন সামরিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে দাবি করে তিনি জানান, দেশটির শক্তি এখন তলানিতে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করার বিষয়েও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে এই জলপথটি দিয়ে নৌ-চলাচল ব্যাহত থাকলেও ট্রাম্পের বিশ্বাস, এটি খুব দ্রুতই স্বাভাবিক হবে। তবে এই প্রণালি উন্মুক্ত করার দায়িত্ব ওই অঞ্চলের ওপর নির্ভরশীল দেশগুলোর ওপরই ছেড়ে দিতে চান তিনি। ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটি (হরমুজ প্রণালি) স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। আমরা দেশটিকে বিধ্বস্ত করে দিয়েছি, তাদের আর কোনো শক্তি অবশিষ্ট নেই। যেসব দেশ এই জলপথ ব্যবহার করে, তারাই এখন এগিয়ে আসুক এবং এটি খুলে দেওয়ার ব্যবস্থা করুক।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত