প্রকাশ :: ০৬ এপ্রিল ২০২৬, ২০:০৬

ওসমানীনগরের তাজপুর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক সাইফুল ইসলাম


সংযুক্ত ছবি

তাজপুর ইউনিয়ন পরিষদের ফাইল ফটো

বাংলা ভিউ নিউজ ডেস্কঃ সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার। গত ৫ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন। প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং জনসেবা অব্যাহত রাখার লক্ষ্যে ৩ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের এক অফিস আদেশে তাকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর নব-নিযুক্ত প্রশাসক মো. সাইফুল ইসলাম তালুকদার পরিষদের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে স্থানীয় জনগণের সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। জানা গেছে, সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ফয়সল হোসেন সুমনকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে অরুণোদয় পাল ঝলক চেয়ারম্যান নির্বাচিত হন। পরে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল জহুর শুকুর। তিনি মৃত্যু বরণ করলে প্যানেল চেয়ারম্যান ১ খালেদ আহমদ খুকু ও প্যানেল চেয়ারম্যান-২ কবির আহমদ নির্বাচিত হন। চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান-১ খালেদ আহমদ খুকু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ইউনিয়ন চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ২৫ আগস্ট দ্বায়িত্ব পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর প্যানেল চেয়ারম্যান-১ খালেদ আহমদ খুকু আবেদন করেন। এসময় ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম কয়েকদিন বন্ধ থাকে। পরে পরিষদের সকল সদস্যের রেজুলেশনের মাধ্যমে দেড় মাসের জন্য প্যানেল চেয়ারম্যান ২ ইউপি সদস্য কবির আহমদকে দায়িত্ব প্রদান করা হয়। এতে খালেদ আহমদ খুকু তার পূর্বের আবেদন প্রত্যাহার করেন। নির্ধারিত সময় শেষে পুনরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেতে খালেদ আহমদ খুকু পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করেন এবং সবার প্রতি আহ্বান জানান। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ভারটপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ এতে অপারগতা প্রকাশ করলে খালেদ আহমদ খুকু পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসক এবং সর্বশেষ স্থানীয় সরকার পরিচালক বিভাগীয় কমিশনার কার্যালয় বরাবরে লিখিত আবেদন করেন। ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানের অনুপস্থিতি ও প্যানেল চেয়ারম্যান পূর্নগঠনে জটিলতা থাকায় ইউনিয়ন পরিষদের সার্বিক কাজ পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার জন্য গত ৩ এপ্রিল স্থানীয় সরকার শাখা কর্তৃক জেলা প্রশাসকের এক অফিস আদেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদকে অপসারণ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ দেন। নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণের বিষয়টি স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অবহিত করা হয়েছে।