ছিনতাইয়ের শিকার সিলেটের দুই সাংবাদিক, ছবি - সংগ্রহ
বাংলা ভিউ নিউজ ডেস্কঃ : সিলেটে একদিনে ছিনতাইয়ের শিকার দুই সাংবাদিক। সিলেট নগরবাসী একাধিক ছিনতাইয়ের ঘটনায় অপরাধীরা ধরা না পড়ায় ছিনতাইকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এদিকে ছিনতাইকারী চক্র হঠাৎ বেপরোয়া হয়ে ওঠায় স্বাভাবিক চলাফেরা নিয়ে শংকিত হয়ে পড়েছেন নগরবাসী। শনিবার (৪ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের আওতাধীন জালালাবাদ ও কোতোয়ালি থানাধীন এলাকায় সিএনজি অটোরিকশা ব্যবহার করে পৃথক দুটি ছিনতাইয়ের শিকার হন দুজন সাংবাদিক। এসময় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগভেরী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সদস্য অহি আলম রেজা। জানা যায়, শনিবার ভোরে বাসে করে ঢাকা থেকে জালাবাদ থানাধীন টুকেরবাজার তেমুখীর ব্রীজ পার হয়ে বাস থেকে নামেন রায়হান উদ্দিন। এসময় বাসায় যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে সিএনজি অটোরিকশার অপেক্ষা করছিলেন। তাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সিএনজি অটোরিকশা (সিলেট থ ১১-৩২১৬ ) করে আসা ৩ সদস্যের একদল ছিনতাইকারী তাকে ধরে মারপিট করে তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। বর্তমান তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে, শনিবার (৪ এপ্রিল) বিকেলে নগরীর আম্বরখানা এলাকা থেকে তিন বছরের ছেলেকে নিয়ে সিএনজি অটোরিকশায় ওঠে শাহী ঈদগাহ যাচ্ছিলেন বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা সাহিত্যের প্রভাষক ওহি আলম রেজা। অটোরিকশাটিতে আগেই চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণ পর আরও একজন যাত্রী সেখানে ওঠেন। কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে ওই যাত্রী তার সন্তানের দিকে চাকু ধরে তাকে চুপ থাকতে নির্দেশ দেয়। এতে আতঙ্কিত হয়ে তিনি তার সন্তানকে জড়িয়ে ধরেন। এরপর পকেট হাতড়ে ছিনতাইকারী তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে নেয়। ওহী আলম রেজা জানান, নির্ধারিত গন্তব্য শাহী ঈদগাহে নামিয়ে দেওয়ার কথা থাকলেও অটোরিকশা চালক আরও কিছু দূর গিয়ে হঠাৎ থেমে তাদের নামিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।