প্রকাশ :: ০১ অক্টোবর ২০২৫, ১৭:৫৪

আমরা প্রকৃত জনগণের প্রতিনিধি হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাই : মোনতাসির আলী


সংযুক্ত ছবি

বাংলা ভিউ : ছবি

সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন। তিনি অভিযোগ করেছেন, গত তিনটি জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা এ আসনের উন্নয়নে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেননি। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড়হাজীপুর বাজারে এক গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাদিপুর ও পশ্চিম পৈলনপুর ইউনিয়ন কুশিয়ারা নদীর ভাঙন ও প্লাবনের কারণে সবসময় ঝুঁকিপূর্ণ থাকে। নদীর পানি বাড়লেই মানুষ দুর্ভোগে পড়ে। অথচ এতো বছরে ডাইক নির্মাণের মতো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নেতৃত্ব এখন ক্ষমতার দাপট, টাকার বস্তা আর সন্ত্রাসের মাধ্যমে রাজত্ব চায়। রাজনীতিবিদরা চায় দখল, চাঁদাবাজি। আবার যদি এরা নির্বাচিত হয়, প্রতিটি ব্যবসায়ী, গাড়ি চালক ও সাধারণ মানুষকে চাঁদা দিতে হবে। এ ধরনের রাজনীতির পুনরাবৃত্তি হলে জনগণের কোনো কল্যাণ হবে না। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, খেলাফত মজলিস সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই রাজনীতিতে আসতে চায়। “দেয়াল ঘড়ির মার্কায় আপনাদের সমর্থন থাকলে আমরা প্রকৃত জনগণের প্রতিনিধি হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এসময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস পশ্চিম পৈলনপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুদ্দীন মাজমুন, সাধারণ সম্পাদক আতিউর রহমান, জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ, উপজেলা সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, নেতা কে এম রায়হান আহমদ, যুব মজলিসের মাওলানা মইনুল ইসলাম মাশকুর ও এইছ এম আযহার, মাওলানা জুবায়ের আহমদসহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষাবিদ, যুবসমাজ ও বিভিন্ন পেশার মানুষ।