বাংলা ভিউ অনলাইন ডেস্ক : ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, যুবসমাজের সার্বিক উন্নয়ন নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়েছে এবং এ পরিকল্পনায় সরাসরি নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ।
শনিবার (১৮ এপ্রিল ) ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত যুব কার্যক্রম অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, যুবসমাজের অবদান নিশ্চিত করার মাধ্যমে দেশের সমাজব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। সরকার একটি সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে বাজেট প্রণয়ন করে, তাই কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব এবং প্রশিক্ষণ কোর্সগুলো যথাযথভাবে পরিচালনা করতে হবে।
প্রশাসনিক স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে প্রতিমন্ত্রী জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ অফিসে সময়মতো উপস্থিত থাকার এবং অধীনস্থদের উপস্থিতি তদারকি করার নির্দেশ দেন।