বাংলা ভিউ নিউজ ডেস্ক :
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা, যানজট নিরসন এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে রাজধানীর নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাশের সমন্বিত পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার।
অনলাইন ক্লাশে শিক্ষার্থীরাও আগ্রহ প্রকাশ করছে। বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এক আলোচনায় এসব আগ্রহের কথা জানান তারা।
শিক্ষার্থীরা বলছে, প্রতিদিন দীর্ঘ সময় যানজটে আটকে থাকার কারণে তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে ক্লাশে পৌঁছতে দেরি হওয়ায় পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে। এছাড়া যাতায়াতের জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের ফলে ব্যক্তিগত খরচ যেমন বাড়ছে, তেমনি জাতীয় পর্যায়েও চাপ তৈরি হচ্ছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে ‘বৈশ্বিক জ্বালানি সংকটে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয়’ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তারা। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে শিক্ষা সংশ্লিষ্টরা বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে আংশিক অনলাইন ক্লাশ চালু করা হলে তা নগর জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
অনুষ্ঠানে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় দেশের রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাশের সমন্বিত (হাইব্রিড) পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে। তবে সব স্কুলে একযোগে নয়, বরং যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে, সেগুলোতে পাইলট প্রকল্প হিসেবে এ উদ্যোগ নেওয়া হতে পারে, যাতে জ্বালানি সাশ্রয়, যানজট কমানো এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠক্রম অব্যাহত রাখা সম্ভব হয়।
মন্ত্রী বলেন, বিশ্ব ইতিহাসে নানা সংকটই নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতেও শিক্ষা ব্যবস্থাকে থামিয়ে না রেখে নতুন পদ্ধতিতে এগিয়ে নিতে হবে।