সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরে পরপর দুই দফা মেছোবাঘ ও শেয়ালের আক্রমণে ৫জন পথচারী আহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রথম দফা শনিবার সন্ধ্যায় উপজেলার গোপকানু গ্রামের আশিক মিয়া, আহাদ আহমদ, মাহমদ আলী আক্রমণের স্বীকার হন এবং দ্বিতীয় দফা রাত সাড়ে ৯ টার দিকে ইলাশপুরের কিপাই বাবু,নিবুল দাসকে আক্রমণ করে।
আহতদেরকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিন জানান, বাঘ কি না শেয়ালের কামড় নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তারা এক এক সময় এক কথা বলছেন। হাসপাতালে ভ্যাক্সিন না থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ও রাতে হঠাৎ করেই এই আক্রমণের ঘটনা ঘটে। গত প্রায় ২ সপ্তাহ পূর্ব হামছাপুর এক স্কুল শিক্ষক ও বাবরকপুর এক পথচারী এরকম আক্রমণের স্বীকার হন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।